ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক ঘটনায় ১৬ বছর বয়সী এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহৃত ওই শিক্ষার্থীকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর রামগোপাল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী লামিয়া খাতুন রাত্রীকে (১৬) দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছিলেন জিসান আহমেদ (২০) ও তাঁর সহযোগীরা।
গত ১৯ আগস্ট সকাল ১১টার দিকে আত্মীয়ের বাড়ি থেকে কালীগঞ্জ বাজারে যাওয়ার পথে পাইকপাড়া গ্রামের কড়ইতলা ঈদগাহের সামনে পৌঁছালে তাঁকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গত ২৭ আগস্ট কালীগঞ্জ থানায় মামলা করা হয়। পরে শুক্রবার (২৮ আগস্ট) রাত পৌনে ৩টার দিকে ঝিনাইদহ শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকা থেকে মামলার প্রধান আসামি জিসান আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। একই সঙ্গে অপহৃত শিক্ষার্থীকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
অন্যদিকে, বিকাশ ডিস্ট্রিবিউটর সেলস অফিসার (ডিএসও) জাবেদ আলীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় জহির হোসেন ভূঁইয়া (২৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, পৃথক ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপহরণ মামলার ভিকটিমকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।