ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন জাতীয় নির্বাচন থেকে কোনো অংশে কম না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানিতে সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এমন মন্তব্য করেন। এ সময় রিটের বিষয়ে এবং জিএস প্রার্থী এস এম ফরহাদের বিষয়েও আদালত শুনানিতে বিভিন্ন প্রশ্ন তোলেন। এরপর শেষদিকে ডাকসু নির্বাচন প্রক্রিয়া আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করেন হাইকোর্ট।
তখন রিটকারী আইনজীবী জানান, আমরা নির্বাচন স্থগিত চাই না। তখন আদালত বলেন, আপনারা রাজনীতি করে ঝগড়া-মারামারি করবেন আর আমাদের এখানে আসবেন, আমরা কী করবো। নির্বাচনী ট্রাইব্যুনালে যান, বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ভোটার কীভাবে হয়েছে, প্রক্রিয়া কী, প্রার্থিতা বাতিলসহ সব বিষয়ে তদন্ত হোক। আদালত আরও বলেন, ডাকসু নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন থেকে কোনো অংশে কম নয়। এটাকে গুরুত্ব দিতে হবে। এরপর আগামী ৩০ অক্টোবর পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া স্থগিত ঘোষণা করেন হাইকোর্ট।