পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর সকালে দিনব্যাপী দেবীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কার্যালয়ে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দেবীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ প্রাণী সম্পদের প্রদর্শনীর আয়োজন করা হয়। দেবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীর আগে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রাণী সম্পদ দপ্তরে এসে শেষ হয়। পরে প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেবীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জের কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ, মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা। প্রদর্শনীতে দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খামারি ও কৃষকরা তাদের ফ্রিজিয়ান, শাহীওয়াল জাতের গাভী ও ষাঁড় নিয়ে আসেন। এছাড়াও ছাগল, ভেড়াসহ বিভিন্ন জাতের ঘাসের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।