দেশের খবর

বেগমগঞ্জ বিসিক শিল্পনগরীতে নিষিদ্ধ পলিথিনের জমজমাট ব্যবসা

তিন যুগের বেগমগঞ্জ বিসিক শিল্পনগরী শিল্পায়নে মুখ থুবড়ে পড়েছে। এ সুযোগে একশ্রেণির সুযোগ সন্ধানী ব্যবসায়ী নিষিদ্ধ পলিথিনের জমজমাট ব্যবসা অব্যাহত রেখেছে বেগমগঞ্জ বিসিক শিল্পনগরীতে। তিন দশকেরও বেশি সময় ধরে রপ্তানি ও দেশের রাজস্ব খাতে অবদান রাখা বেগমগঞ্জ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরী বর্তমানে নানা সংকটে হুমকির মুখে পড়েছে। পানি ও বিদ্যুৎ সমস্যায় লোকসানের মুখে এখানকার অধিকাংশ শিল্পপ্রতিষ্ঠান। ড্রেনেজ ব্যবস্থার অপ্রতুলতা, নিরাপত্তাহীনতাসহ নানাবিধ কারণে এখানে বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক উদ্যোক্তা। উৎপাদনমুখী এ শিল্পনগরীতে শিল্প খাতে প্লট বরাদ্দ না দিয়ে টাকার বিনিময়ে বড় কোম্পানিগুলোকে মালামাল গুদামজাত করার জন্য ভাড়া দেয়ারও অভিযোগ রয়েছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। নতুন শিল্প প্রতিষ্ঠান ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১৯৮৬ সালে নোয়াখালীর চৌমুহনী শহরের চৌরাস্তার উত্তরে ২৫ একর ভূমির উপর গড়ে তোলা হয় বেগমগঞ্জ বিসিক শিল্পনগরী। সেই সময় মাটি ভরাটের জন্য বিসিকের বাইরে থেকে মাটি আনার কথা থাকলেও শিল্পনগরীর মধ্যস্থলে প্রায় ১০ একর ভূমিতে পুকুর কেটে ভরাট করা হয় নগরীর অভ্যন্তরে। এতে শিল্পনগরীর পরিধি ১০ একর কমে যায়। পরে সেই পুকুর ভরাটের কোনো উদ্যোগ নেয়া হয়নি।



সম্পর্কিত খবর