যশোরের শার্শা উপজেলায় থানা-পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) শার্শা থানাধীন পাঁচভুলোট দক্ষিণপাড়া এলাকা থেকে রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার আসামির নাম মো. আলামিন। তিনি পাঁচভুলোট (দক্ষিণপাড়া) গ্রামের হযরত আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবুল কাশেমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পাঁচভুলোট দক্ষিণপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে এসসি নং-২৯৯/২০ মামলার যাবজ্জীবন সাজা পরোয়ানাভুক্ত আসামি আলামিনকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শার্শা থানা-পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিকে রবিবারই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।