রাজশাহী

রাণীনগরে প্রবাসীর বাড়িতে আগুনে ২ লাখ টাকার মালামাল ভস্মীভূত

নওগাঁর রাণীনগরে প্রবাসীর বাড়িতে আগুন দিয়ে প্রায় ২ লাখ টাকার মালামাল ভস্মীভূত করার অভিযোগ উঠেছে। বুধবার গভীর রাতে উপজেলার একডালা ইউনিয়নের দামুয়া মৃধাপাড়া গ্রামে প্রবাসী মোফাজ্জল হোসেনের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়া নির্মাণাধীন বাসার বেশ কিছু পাইপও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত দেড় বছর আগেও দুর্বৃত্তরা ওই বাড়িতে আগুন দিয়ে মালামাল পুড়িয়ে দেয় বলে জানিয়েছেন স্বজনরা। প্রবাসী মোফাজ্জল হোসেন ওই গ্রামের খয়ের আলীর ছেলে।

প্রবাসীর স্ত্রী শারমিন আক্তার জানান, গত ১ সপ্তাহ আগে বাড়িতে তালা দিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান। হঠাৎ করেই বুধবার গভীর রাতে মোবাইল ফোনে জানতে পারেন বাড়িতে আগুন জ্বলছে। এ সময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তার পরও ঘরের মধ্যে থাকা খাট, ফ্রিজ, শোকেসসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন শারমিন আক্তার। তিনি বলেন, "প্রকাশ্যে কারও সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। তার পরও কে বা কারা বারবার আগুন ধরিয়ে দিচ্ছে।" তিনি ধারণা করে বলেন, ঘরের জানালা দিয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে। এছাড়া বাড়ির একটু অদূরে তাঁর নির্মাণাধীন বাসার মোটরের পাইপ এবং ওয়াশরুমের কয়েকটি পাইপ ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শারমিন আক্তার আরও জানান, গত দেড় বছর আগেও কে বা কারা বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। ওই সময় নগদ ২০ হাজার টাকাসহ প্রায় ১ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, "আগুনের ঘটনা খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

 


সম্পর্কিত খবর