বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শ্রম অভিবাসন এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তারা।
বৈঠকে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির অস্ট্রেলিয়ার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি)-গুলোর সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি বাংলাদেশি কেয়ারগিভারদের প্রশিক্ষণ কার্যক্রমে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন তিনি।
রোহিঙ্গা মানবিক সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করে হুমায়ুন কবির বলেন, এই সংকটের টেকসই সমাধানে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যেতে আগ্রহী।
জবাবে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ ও স্বাস্থ্য খাতে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রেও অস্ট্রেলিয়া বাংলাদেশের পাশে থাকবে। হাইকমিশনার আরও উল্লেখ করেন, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।