দেশের খবর

শৈলকুপায় পরাজিত প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যার চেষ্টা

ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতা কোনোভাবেই থামছে না। এবার ফয়েজ আলী (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে বিজয়ী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। শনিবার (৮ জুন) বিকালে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের ডাউটিয়া বাজারে এ ঘটনা ঘটে। এতে উত্তপ্ত হয়ে উঠেছে ওই এলাকা। মুমূর্ষু অবস্থায় আহত ফয়েজকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। 

আহত ফয়েজ কুশবাড়িয়া গ্রামের সিদ্দিক আলীর ছেলে এবং সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনের পরাজিত চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন মোল্লার সমর্থক ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২১মে উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী আরিফ রেজা মন্নুর সমর্থক মোস্তাফিজুর রহমান মোস্তাক শিকদার ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন মোল্লার সমর্থক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাসের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস বলেন, ফয়েজ আমার সমর্থক। সে উপজেলা নির্বাচনে দোয়াত কলম মার্কার পক্ষে ভোট ও কাজ করার কারণে ডাউটিয়া বাজারে তাকে একা পেয়ে মোটরসাইকেল মার্কার সমর্থক মোস্তাক শিকদারের লোকেরা আমার কর্মী ফয়েজকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। তিনি বলেন, বিজয়ী হওয়ার পর থেকেই আমার ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল প্রতীকের সমর্থক মোস্তাক শিকদারের নেতৃত্বে বাড়ি-ঘর ভাংচুর, হামলা চালানো হচ্ছে। তাদের ভয়ে সংখ্যালঘু সম্প্রদায়সহ ৫শতাধিক আওয়ামী লীগ কর্মী বাড়িছাড়া রয়েছে। 

এ ব্যাপারে মোস্তাফিজুর রহমান মোস্তাক শিকদার বলেন, তারাই আমার কর্মী মঞ্জু শেখ নামের একজনকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে।

শৈলকুপা থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী জানান, ওই এলাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উত্তেজনা থামাতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।



সম্পর্কিত খবর