দেশের খবর

ঝিনাইদেহ আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ী চেয়ারম্যান প্রার্থী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৩ জুন) দুপুরে উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের বাগুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের ১৫ ব্যক্তি আহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, বিজয়ী চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফ রেজা মন্নুর সমর্থক সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক বিশ্বাস ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক শামীম হোসেন মোল্লার সমর্থক  নিত্যানন্দনপুর ইউনিয়নের  বর্তমান ইউপি চেয়ারম্যান মফিজ  বিশ্বাস এর মধ্যে উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। বাগুটিয়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক  বিশ্বাসের সমর্থক আব্দুর রশিদ বিজয়ী চেয়ারম্যান প্রার্থী মোটরসাইকেল মার্কার পক্ষে ও ইউপি চেয়ারম্যান মফিজ  বিশ্বাসের সমর্থক কোবাদ  বিশ্বাস পরাজিত চেয়ারম্যান প্রার্থী দোয়াত কলম মার্কার পক্ষে অবস্থান নেন। এ নিয়ে বাগুটিয়া গ্রামে ভোট পরবর্তী সময়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ উত্তেজনার অংশ হিসাবে সোমবার দুপুরের দিকে তুচ্ছ ঘটনা নিয়ে কোবাদ  বিশ্বাস ও আব্দুর রশিদের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে দীর্ঘ সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ পর্যায়ে সংঘর্ষ পুলিশের নিয়ন্ত্রনের বাইরে চলে গেলে শৈলকুপা থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। সংঘর্ষে খয়বর  বিশ্বাস, বাবুল  বিশ্বাস, মতিয়ার রহমান, রাজন হোসেন, মিটুল হোসেন, রজব আলী, আজিজুল ইসলাম সহ উভয় পক্ষের ১৫ ব্যক্তি আহত হয়। আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মোটরসাইকেল মার্কার সমর্থক সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক বিশ্বাস বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের পর থেকে বাগুটিয়া গ্রামে বর্তমান ইউপি চেয়ারম্যান মফিজ বিশ^াস তার সমর্থকদের দিয়ে বাগুটিয়া গ্রামে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চালিয়ে আসছে। এ সংঘর্ষ তারই অংশ।

 

১২নং নিত্যানন্দনপুর ইউপি চেয়ারম্যান দোয়াত কলম মার্কার সমর্থক মফিজ বিশ্বাস বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের পর থেকে সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক  বিশ্বাসের বাগুটিয়া গ্রামের সমর্থকরা তার সমর্থকদের উপর হামলা চালাচ্ছে প্রতিনিয়ত। এ ঘটনায় তার সমর্থকরা বসে বসে মার খেতে পারে না। তাই তারা প্রতিরোধ করেছে বলে জানান।

এ ঘটনায় শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী বলেন, বাগুটিয়া গ্রামে দুইদল গ্রামবাসির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে বাগুটিয়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।

 



সম্পর্কিত খবর