জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাঁশবাড়ী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। আজকাল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যবহারিক ক্লাস হয় না বললেই চলে। তাই বিজ্ঞানাগারের তালায় মরিচা পড়ার উপক্রম। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞানাগারে প্রয়োজনীয় উপকরণ ও যন্ত্রপাতিও নেই। কদাচ থাকলেও তাতে ধূলোবালি জমে ও মরিচা ধরে ব্যবহারে অনুপযোগী। এমন অবস্থাতে বাঁশবাড়ী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবহারিক ক্লাসের প্রতি গুরুত্ব দিয়েছে। নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। গতকাল বিজ্ঞানের এক শিক্ষক শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস নেন। ব্যবহারিক বিষয় ছিল- (ক) স্বচ্ছ পানিতে ডিমের তলিয়ে যাওয়া। (খ) ওই পানিতে লবণ মেশানো হলে পানির ঘনত্ব বেড়ে যায়। ফলে তলানো ডিম আস্তে আস্তে ভেসে উপরে ওঠে। (গ) স্বচ্ছ পানিতে পেট্রোল মেশানো হলে তাতে গ্যাসের সৃষ্টি হয়। এ সব বিষয়ে জ্ঞানমূলক ধারণা দেয়ার জন্য শিক্ষার্থীদের হাতে-কলমে শেখানো হয়। কিন্তু নবম শ্রেণির এক শিক্ষার্থী সকলের অগোচরে পেট্রোল মুখে নিয়ে সজোরে ফুঁ দেয়। ফলে হঠাৎ আগুন জ্বলে ওঠে। এতে ওই শিক্ষার্থী সামান্য আহত হয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠায়। এ ঘটনার বর্ণনা দেন ওই বিদ্যালয়ের করণিক আলফাজ উদ্দিন। ওই প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষ ও আহত শিক্ষার্থীর বাবা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।