দেশের খবর

বিয়ারা পলাশতলা উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নানামুখী পরিকল্পনা গ্রহণ

জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বিয়ারা পলাশতলা উচ্চ বিদ্যালয় নানামুখী উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটি সদা প্রস্তুত রয়েছে। এ বিদ্যালয়ে ২০০০ থেকে ২০১০ পর্যন্ত এসএসসি’র ফলাফলে পাশের হার ছিল শতকরা ৩০-৫০ ভাগ। ২০১১ থেকে ২০২০ পর্যন্ত এসএসসি’র ফলাফলে পাশের হার ছিল শতকরা ৬০-৮০ ভাগ। ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত এসএসসি’র ফলাফলে পাশের হার বৃদ্ধি পেয়ে শতভাগে উন্নীত হয়েছে। বর্তমানে বিদ্যালয়ে প্রধান শিক্ষক, ইংরেজি, শারিরীক শিক্ষা ও সামাজিক বিজ্ঞান বিষয়ের শিক্ষক ঘাটতি রয়েছে। কর্তৃপক্ষ ইতোমধ্যেই তা পূরণের জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়েছে। নিয়ম-শৃঙ্খলার বিষয়টি মাথায় রেখে প্রাত্যহিক সমাবেশ যথাযথভাবে অনুষ্ঠিত হবে। প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক কাউন্সিলিং (শিক্ষার্থীদের নিয়ে), পাক্ষিক স্টাফ মিটিং, ত্রৈ-মাসিক অভিভাবক সমাবেশ ও ষান্মাসিক মা সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতাসহ অন্যান্য শিক্ষামূলক প্রতিযোগিতার চর্চা ও অনুশীলন অব্যাহত থাকবে। শিক্ষার মানোন্নয়েন নেয়া হয়েছে বিশেষ উদ্যোগ। অতি দুর্বল শিক্ষার্থীদেরকে সবল করণে বিশেষ ফ্রি ক্লাসের উদ্যোগও নেয়া হয়েছে। ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহ বৃদ্ধির জন্য পুরস্কারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অবকাঠামোগত উন্নয়নে বাউন্ডারি নির্মাণ, মাঠ ও পুকুর ভরাটকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্ষা মৌসুমের মাঝামাঝি বিভিন্ন জাতের বৃক্ষরোপণ কর্মসূচী। এ কর্মসূচী বাস্তবায়নে স্থানীয় সাংসদ আবুল কালাম আজাদ ২৯৪ জন শিক্ষার্থীর প্রত্যেককে ২টি করে মোট ৫৮৮ টি বিভিন্ন জাতের চারা দেবেন। এগুলো বিদ্যালয় মাঠের চারপাশে ও বিদ্যালয়ের পিছনের অংশে রোপণ করা হবে। এছাড়া বিদ্যালয়ের পক্ষ থেকে ছায়াদানকারী ও শোভাবর্ধনকারী বিভিন্ন জাতের বৃক্ষরোপণ করা হবে। এদের মধ্যে কাঠবাদাম, কৃষ্ণচূড়া, সোনালু ও পলাশ অন্যতম। এসব চারা বিদ্যালয় আঙ্গিনায় রোপণ করা হবে। আসছে তালের মৌসুমে প্রত্যেক শিক্ষার্থীর নিকট হতে ২টি করে তালবীজ সংগ্রহ করা হবে। যা বিদ্যালয় সংলগ্ন রাস্তার দু’ধারে রোপণ করা হবে। এতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহায়ক হবে। 

 



সম্পর্কিত খবর