দেশের খবর

শৈলকুপা থানায় হামলা: মেয়রের ছেলে ৫ দিনের রিমান্ডে

ঝিনাইদহের শৈলকুপা থানায় হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে গ্রেফতার কাজী রফিকুল আশরাফ রাজীবের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২৮ জুন) বিকেল ৩টার দিকে শুনানি শেষে ঝিনাইদহের শৈলকুপা আমলি আদালত রিমান্ড মঞ্জুর করেন।

রাজীব শৈলকূপা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী আশরাফুল আজমের ছেলে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে থানায় হামলায় মদদ দেওয়ার অভিযোগে শৈলকুপা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আশরাফুল আজমের ছেলে কাজী রাজিবকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, শৈলকুপা থানায় হামলায় মদদ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার কাজী রাজিবের ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। তবে শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে গত ৯ জুন শৈলকুপার ধাওড়া গ্রামের স্থানীয় আওয়ামী লীগের কর্মী মোস্তাক শিকদারকে গ্রেপ্তার করে শৈলকুপা থানা পুলিশ। তাকে ছিনিয়ে নিতে কয়েকশ লোক থানা ঘেরাও করে ইট-পাটকেল ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। প্রায় আধাঘণ্টা চলা এ হামলার ঘটনায় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়। ওই দিন রাতেই ১১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে শৈলকুপা থানায় মামলা করেন এসআই লাল্টু রহমান।



সম্পর্কিত খবর