ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছে। ভাঙচুর করা হয় একটি বাড়ি।
বৃহস্পতিবার (২৭ জুন) রাত ১০টার দিকে উপজেলার আবাইপুর ইউনিয়নের মীনগ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ওই গ্রামের মৃত অহেদ সরদারের ছেলে হবিবর সরদার, জাহাঙ্গীর বিশ্বাসের ছেলে রাব্বি বিশ্বাস, বাবলু শেখের ছেলে রাতুল শেখ, মোহন শেখের ছেলে মধু শেখ, আহমেদ শেখের ছেলে আন্নু শেখ, ওসমান আলীর ছেলে বিপুল শেখ ও হাবিবুর সরদারের স্ত্রী রহিমা খাতুন।
স্থানীয়রা জানান, উপজেলার আবাইপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য (প্রয়াত) আব্দুল হাই সমর্থক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলালের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে আব্দুল হাইয়ের সমর্থক আবাইপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের আইন সম্পাদক হাবিবুর রহমান রিপনকে ২০২৩ সালের ১৬ অক্টোবর পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।
সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুর পর বর্তমানে রিপনের সমর্থকেরা ঝিনাইদহ-১ আসনের বর্তমান সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে সমর্থন দেয়। সেই রিপন হত্যা মামলার জামিনে থাকা আসামি (নজরুল ইসলাম দুলালের সমর্থক) জাহাঙ্গীর, সিজ্জান, আকির গতকাল বৃহস্পতিবার মীনগ্রামে নিজ বাড়িতে আসেন। রাতে তাঁরা বের হলে রিপনের সমর্থক (এমপি গ্রুপ) বিপুল, আননু ও মোতাহারের সঙ্গে দেখা হলে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে রাত ১০টার দিকে উভয় গ্রুপের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়। এ সময় একটি বাড়ি ভাঙচুর করা হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।