ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগ উঠেছে বিজয়ী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
শুক্রবার (৩১ মে) রাতে উপজেলার গোবিন্দুপর গ্রামে এ হামলা-ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ২১ মে শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয় মোস্তফা আরিফ রেজা মন্নু। নির্বাচনে ফলাফল ঘোষণার পর থেকেই উপজেলার বিভিন্ন গ্রামে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এরই জের ধরে শুক্রবার রাতে উমেদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে মোস্তফা আরিফ রেজা মন্নুর সমর্থকরা নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন মোল্লার সমর্থকদের বাড়ি-ঘরে হামলা চালায়। হামলাকারী বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
পরাজিত চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন মোল্লা বলেন, নির্বাচনের পর থেকেই আমার সমর্থকদের উপর হামলা, বাড়ি-ঘর ভাংচুর চালাচ্ছে বিজয়ী প্রার্থীর সমর্থকেরা। তাদের ভয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার আওয়ামী লীগের কর্মীরা বাড়িছাড়া রয়েছে। তারা বিএনপি-জামায়াতের লোকজন নিয়ে আওয়ামী লীগ কর্মীদের উপর অত্যাচার করছে। আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী বলেন, গেল রাতে গোবিন্দপুর গ্রামে একটি ঘটনা ঘটেছিলো। আমরা শোনার সাথে সাথেই সেখানে গিয়েছিলাম। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।