পটুয়াখালীর বাউফল উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১টি অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে বাউফল উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত এ সহায়তা বিতরণ করেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মাসুদ বলেন, "বৈষম্যমুক্ত সমাজ গঠনে আমাদের আন্দোলন চলবে। আমরা সমাজে কোনো বৈষম্য মেনে নেব না। আজ যেসব ক্ষতিগ্রস্ত পরিবার ঢেউটিন ও আর্থিক সহায়তা পেয়েছেন, তারা কে কোন দল করেন বা কে কোন ধর্মের, সেটি বিবেচনা করা হয়নি। বিবেচনা করা হয়েছে, তারা সবাই এ সমাজের বাসিন্দা এবং রাষ্ট্রের নাগরিক।"
তিনি আরও বলেন, "রাষ্ট্রের দায়িত্ব হলো কোনো নাগরিক ক্ষতিগ্রস্ত হলে তার পাশে দাঁড়ানো। দলীয়করণ করা রাষ্ট্রের দায়িত্ব নয়। যেকোনো দুর্যোগ ও বিপদে এলাকার মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। বাউফলের কোনো মানুষ যেন অসহায়ত্ব ও কষ্টে দিন না কাটায়, সে জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।"
তাৎক্ষণিকভাবে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা পেয়ে উপকৃত পরিবারগুলো সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।